মেহেরপুর সদর উপজেলার বারাদিতে সড়ক দুর্ঘটনায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহবুবুর রহমান খোকন নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বারাদি মশুরীভাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মীর নাজিম উদ্দিনের ছেলে। কর্মজীবনের কারণে দির্ঘদিন ধরে মেহেরপুর শহরে বসবাস করে আসছিলেন। ব্যাক্তি জীবনে তিনি এক পূত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহবুবুল হক বিদ্যালয় থেকে মেহেরপুরের পথে যাচ্ছিলেন। পথিমধ্যে বারাদি মশুরীভাজা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে যাওয়া একটি গরু বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌছে তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার আবু এহসান রাজু তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
