পাবনার সাঁথিয়ায় প্রভাবশালী প্রতিপক্ষরা এক প্রতিবন্ধীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এ হামলায় প্রতিবন্ধী এক প্রবীণসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন রাজ্জাকের ছেলে মজনু (২৫), কলেজ পড়ুয়া ছেলে রহিম মোল্লা (১৬), নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে রহিমা (১৪) ও স্ত্রী মনোয়ারা খাতুন (৫০)। হামলাকারীরা তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা জমির দলিলসহ নগদ ৩ লাখ টাকা লুট করে বলে অভিযোগ করেছেন আহতরা। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর পশ্চিমপাড়া গ্রামের দরিদ্র শারীরিক প্রতিবন্ধী আব্দুল রাজ্জাক মোল্লার বাড়িতে সোমবার সকাল ৮টার দিকে হামলা চালায় একই গ্রামের প্রভাবশালী মৃত জলিল ফকিরের ছেলে আব্দুল কাদের ফকির গংরা। প্রতিপক্ষরা ঘুমন্ত রাজ্জাককে (৫৫) ডেকে তুলে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
প্রভাবশালী কাদের ফকির ও তার ছেলে রোশনাই, জামাল, জয়নাল নাতি আলামিনসহ পুত্রবধূরা প্রতিবন্ধী রাজ্জাকের বাড়ি ভাংচুর, লুটপাট করে। লুটপাট শেষে একটি ঘরে অগ্নিসংযোগ করে। আহত আঃ রাজ্জাক জানান, হামলাকারীরা তার ঘর থেকে জমির দলিল ছেলে মেয়েদের লেখাপড়ার সনদপত্র ও বাক্সে রাখা নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী মহম খাঁন ও খালেদা খাতুন জানান, সকালে প্রতিপক্ষ কাদের গংরা অসহায় প্রতিবন্ধীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। তাদের সঙ্গে রাজ্জাকের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, হামলার সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। উভয়পক্ষ অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেব।
ইত্তেফাক/নূহু
