বিভিন্ন স্থানে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
জৈন্তাপুর (সিলেট): জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিলেট-তামাবিল মহাসড়কের পাখিটিকি নামক স্থানে একটি ফিশারি থেকে ভাসমান অবস্থায় শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার সকাল অনুমান সাড়ে ১০টায় ওই ফিশারিতে ভাসমান অবস্থায় ১৬/১৭ মাস বয়সী ছেলে শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে জৈন্তাপুর মডেল থানার এস আই আজিজুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানার ওসি খান মো. মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা রেকর্ড করা হবে। শিশুটির পরিচয় জানার জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
রামু (কক্সবাজার) : রামু ফতেখাঁরকুল ইউনিয়নে মোহাম্মদ সামি (২৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে ফতেখঁরকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তেচ্ছিপুল মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এক কন্যাসন্তানের জনক নিহত মোহাম্মদ সামী স্থানীয় মৃত ছুরত আলমের ছেলে । স্থানীয় ৯ নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন জানান, ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারীতে সুমি আকতার (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দুটার দিকে পৌরসভার উত্তর মোহাম্মদপুর ৯নং ওয়ার্ডের আনসার আলী সুফির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, পৌরসভার চন্দ্রপুর ৭নং ওয়ার্ডস্থ হক সাহেব পাড়ার মৃত অলী ও মনোয়ারা বেগমের কন্যা সুমি। স্বামী রাশেদের সাথে তার তেরো বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে রুমি (১০) ও নাইম (৮) নামের দুটি ছেলে-মেয়ে রয়েছে। মডেল থানার এস আই জসিম জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে শ্বশুরবাড়ির ঘরের ফ্লোর থেকে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে।
