ধুনটে ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা রুখে দিলেন ওসি

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৯:৫০
বগুড়ার ধুনট থানার এএসআই আওয়াল হোসেনের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসোনোর অভিযোগ উঠেছে। সোমবার সকালের দিকে এলাকাবাসীর এমন অভিযোগ তদন্ত করে ব্যবসায়ীকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দিয়ে ওই এএসআইকে সতর্ক করে দিলেন ওসি।   
 
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মতিয়ার রহমানের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলামকে রবিবার রাতে নিজ বাড়ি থেকে আটক করে এএসআই আওয়াল হোসেন। এ সময় ব্যবসায়ীর সিএনজি চালিত অটোরিকশার আসনের নিচ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ওই পুলিশ কর্মকর্তা।
 
এদিকে ব্যবসায়ীকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় গ্রামবাসীর মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সোমবার সকালের দিকে চিকাশি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গ্রামবাসী থানায় উপস্থিত হয়ে ওসির নিকট বিষয়টির তদন্ত দাবি করে। তখন ঘটনাটি তদন্তের পর ব্যবসায়ী রফিকুল ইসলামকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানো হয়েছে বলে প্রমানিত হয়।
 
থানা হাজতে আটক রফিকুল ইসলাম বলেন, মিথ্যা সংবাদের ভিত্তিতে আমাকে আটকের পর অটো রিকশার আসনের ভেতর থেকে ৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ কর্মকর্তা। কারো প্ররোচনায় পুলিশ কর্মকর্তা ইয়াবা ট্যাবলেট দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করে।
 
চিকাশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, রফিকুল ইসলাম এলাকার একজন নিরীহ প্রকৃতির ছেলে। তিনি মুরগীর ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। মাদক ব্যবসার সঙ্গে তিনি কখনোই জড়িত ছিলেন না, এখনও নেই।
 
থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আওয়াল হোসেন বলেন, মোবাইল ফোনে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলামকে আটক করা হয়েছিল। আসলে ঘটনাটি ছিল সাজানো। কিন্ত আমি বিষয়টি বুঝতে পারিনি। পরে প্রকৃত ঘটনা উদঘাটন করে ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে ওই সোর্সকে খুজে পাওয়া যাচ্ছে না।  
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ এরফান বলেন, মাদক বিক্রির আভিযোগে রফিকুল ইসলামকে আটকের আগে ওই পুলিশ কর্মকর্তাকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে ঘটনাটি সাজানো প্রমানিত হওয়ায় রফিকুল ইসলামকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে জামিনের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের ঘটনা ঘটানো হলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/নূহু