ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

আপডেট : ২৫ জুন ২০১৮, ২০:১৫
বাগেরহাটের সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। ইলিশ আহরণ মৌসুমের শেষপ্রান্তে এসে হাসি ফুটেছে উপকূলের জেলে পল্লীগুলোতে। র‌্যাব ও কোস্টগার্ডসহ আইন শৃংখলা বাহিনীর তৎপরতায় সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে এখন বনদস্যু আতংক না থাকলেও আহরণ মৌসুমের শুরুতে ইলিশের দেখা না পাওয়ায় অনেকটা হতাশায় ভুগছিলেন জেলেরা। হটাৎ করে গত এক সপ্তাহ ধরে সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে কাংক্ষিত সেই রূপালি ইলিশ ধরা পড়ায় জেলে, আড়ৎদার ও মাছ বিত্রেতারা এখন ব্যস্ত সময় পার করছেন। 
 
সুন্দরবন উপকূলসহ গভীর সমুদ্রে থাকা ইলিশ বোঝাই ট্রলারগুলো আসতে শুরু করেছে বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবি বাজারে। বাজারে অধিক সরবরাহ থাকায় মাত্র কয়েকদিনের ব্যবধানে ইলিশের দাম নেমে এসেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে।
 
সোমবার ভোরে সরেজমিনে বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবি বাজারে গিয়ে দেখা যায়, গত তিন দিনে সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগর থেকে ইলিশ বোঝাই করে ফিরেছে প্রায় ৩০টি ফিশিং ট্রলার। ফিরে আসা ইলিশ ভর্তি এসব ট্রলার কেবি বাজারের সামনে দিয়ে দাড়াটানা নদীর ঘাটে সারিবদ্ধভাবে নোঙ্গর করে রাখা হয়েছে। আহরণ মৌসুমের শুরুতে ইলিশের দেখা না পেলেও এখন কাংক্ষিত ইলিশ ধরা পড়তে শুরু করায় হাসি ফুটেছে কেবি বাজারের জেলে, আড়তদার ও মাছ বিক্রেতাদের মুখে।
 
ইত্তেফাক/নূহু