ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোফাজ্জল হোসেন (২৫) নামে এক কৃষক আহত হয়েছেন। মোফাজ্জল হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নের বান্দরকাটা গ্রামের আতাব আলীর ছেলে। সোমবার দুপুরে উপজেলার বান্দরকাটা সীমান্তে এ ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, আজ সোমবার দুপুরে উপজেলার বান্দরকাটা সীমান্তে গরু চরাচ্ছিলেন মোফাজ্জল। পরে গরুটি ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। এ সময় মোফাজ্জল ভারতীয় সীমান্তে প্রবেশ করে গরু আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তিনি আহত হন।
স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাক/নূহু
