রামুতে বৌদ্ধদের স্বর্গপুরী উত্সবে পুণ্যার্থীদের ঢল

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৫৯

কক্সবাজারের রামুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে গতকাল শুক্রবার বৌদ্ধ সমপ্রদায়ের ঐতিহ্যবাহী স্বর্গপুরী উত্সবে পুণ্যার্থীদের ঢল নামে। এসময় সব ধর্মের মানুষের অংশগ্রহণে এ উত্সব সার্বজনীন মিলনমেলায় পরিণত হয়। বাঁশ-কাঠ ও কাগজের নানা কারুকার্য খচিত দোতলা দৃষ্টিনন্দন এ স্বর্গপুরী তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল। সভাপতিত্ব করেন উপ-সংঘরাজ ও রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত সত্যপ্রিয় মহাথের।

বিহার প্রাঙ্গণে আয়োজিত হয় প্রভাতফেরি সহকারে বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান, মহতি ধর্মসভাসহ নানা অনুষ্ঠান। প্রতিবছর রামু-কক্সবাজার ছাড়াও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম ও সুদূর রাঙামাটি থেকেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে এ উত্সব মিলনমেলায় পরিনত হয়।

জানা যায়, ৩৪ বছর আগে প্রয়াত প্রজ্ঞামিত্র মহাথের এ উত্সবের সূচনা করেন।