মঠবাড়িয়ায় কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২২:০০

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদে টহলরত কোস্টগার্ডের ওপর সংঘবদ্ধ একদল জেলে হামলা চালিয়েছে। হামলায় কোস্টগার্ডের তিনজন নৌযানচালক আহত হয়েছেন। গত বৃস্পতিবার দিনগত রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন ভাণ্ডারিয়ার কন্টিনজেন্ট কমান্ডার এম মোস্তাক আহমেদ (পিও) বাদী হয়ে এজাহার নামীয় ২৫ ও অজ্ঞাত আরো ৭০/৮০ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সরকারি কাজে বাধা, মারধর ও লুটের অভিযোগ আনা হয়েছে। পুলিশ ওই মামলার এজাহার নামীয় আসামি উপজেলার বড়ো মাছুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে বশির হাওলাদার (২০) ও প্রতিবেশী চর ভোলমারা গ্রামের আবদুল মালেকের ছেলে কবির খাঁকে (২২) গ্রেফতার করে গতকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার বড়ো মাছুয়া সংলগ্ন বলেশ্বর নদীতে সরকারি বোট ও ভাড়া করা ট্রলার নিয়ে কোস্টগার্ডের একটি দল নিয়মিত টহলে বের হয়। ঘটনার দিন বুধবার সকালে স্থানীয় বড়ো মাছুয়া লঞ্চঘাট এলাকায় পৌঁছালে নদীতে প্রায় শতাধিক নিষিদ্ধ ঘোষিত ছোটো ফাঁসের অবৈধ বেহেন্দী ও কারেন্ট জাল দেখতে পায়। কোস্টগার্ড সদস্যরা ওই অবৈধ জাল আটক করতে গেলে জেলেরা কোস্টগার্ড সদস্যদের বাধা দেয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ব্যাপারে তদন্ত করে আইনের আওতায় আনা হবে।