চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরে রাজারপাড়া পুকুর থেকে শিখা দাশ (৩২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় হাশিমপুর ৭নং ওয়ার্ডস্থ খানবটতল থেকে প্রায় এক কিঃমিঃ এলাকায় ইসমাইল সওদাগরের বাড়ির সামনে রাজারপাড়ার পুকুর থেকে শিখার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, দুই সন্তানের জননী নিহত শিখা দাশ। ওই রাতে মেয়ে পূর্ণিমা দাশকে (৬) সঙ্গে নিয়ে বাসে করে বাপের বাড়ি চট্টগ্রামের চুনতি ধোপাপাড়ায় বেড়াতে যাচ্ছিলেন। নিহত শিখা দাশের মেয়ে পূর্ণিমা জানায়, গাড়ির চালক তাদের মাঝরাস্তায় নামিয়ে দেয়। নেমে যাওয়া স্থানটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর খানবটতল নামক স্থান।
শিখা দাস সেখানে গাড়ি থেকে নেমে গেলেও ছোট মেয়েকে নিয়ে কিভাবে এতদূরের পুকুরের কাছে এলেন তা জানা যায়নি। পূর্ণিমা দাস এর বেশি কিছু বলতে পারছেন না।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে পুকুরে শিখার মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে। তারা দ্রুত পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে শিখার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যা্য়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আবদুল আল মামুন সত্যতা নিশ্চিত করেন বলেন, এটি হত্যা না আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনি বলা যাচ্ছে না। ময়না তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটিত হবে।
ইত্তেফাক/নূহু
