চাঁদপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন আজ (মঙ্গলবার) এক যুবক হত্যা মামলার রায়ে ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বাজাপ্তি এলাকা থেকে পুলিশ পেটকাটা মৃত অবস্থায় সোহেল খান নামে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই এলাকার বাসিন্দা আলম খান লাশ দেখে তার পুত্র বলে নিশ্চিত করেন।
আলম খান বলেন, তিনি তার পুত্র সোহেল খানকে একটি সিএনজি ক্রয় করার জন্য গত ১৭ এপ্রিল ২০১৩ সালে টাকা দিয়ে বাজারে পাঠান। কিন্তু সোহেল আর বাড়ি ফিরে আসেনি। এ ব্যাপারে আলম খান বাদী হয়ে গত ২৪ এপ্রিল একটি মামলা দায়ের করেন।
মামলার সকল তদন্ত শেষে গত ৩ সেপ্টেম্বর ২০১৩ সালে অভিযোগ পত্র দাখিল করা হয়। বিজ্ঞ আদালত ২৮ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ গ্রহণ শেষে আক্তার হোসেন, খলিলুর রহমান ও আবদুর রহমান এই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের প্রত্যেককে ফাঁসির আদেশ দেন। আসামিরা পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এ্যাড: আমান উল্লাহ আমান।
ইত্তেফাক/নূহু
