র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা আমদানী নিষিদ্ধ প্যাথিডিন ইঞ্জেকশন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী হচ্ছেন সদর উপজেলার বানিয়াতর গ্রামের সায়েম হোসেনের পুত্র মোঃ মহান (২২)। মঙ্গলবার সকালে সদর উপজেলার ধলাহার ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় অভিযান চালিয়ে মহানকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন। র্যাব সদস্যরা ধলাহার ইউনিয়ন পরিষদ অফিসের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তিকে একটি কালো ব্যাগসহ আটক করে। আটককৃত ব্যক্তির ব্যাগ তল্লাশী করে দুইটি কালো পলিথিনে মোড়ানো মোট ১০০০ পেথিডিন ইঞ্জেকশন উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক মহান র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আমদানী নিষিদ্ধ মাদক পেথিডিন ইঞ্জেকশন অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
ইত্তেফাক/নূহু
