শ্রীমঙ্গলে ভূজপুর-সাতগাঁও সড়কে ব্রিজ ধসে পড়েছে

আপডেট : ২৬ জুন ২০১৮, ২০:৩৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূজপুর-সাতগাঁও সড়কে ব্রিজ ধসে গিয়ে জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। এতে উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের ভূজপুর, দেবীপুর, কালীবাড়ী, জামসি, তপশ্বীপাড়া, পশ্চিম আশিদ্রোণ, হরিণাকান্দি, পাড়ের টংসহ আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের চলাচল ও যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। দুই সপ্তাহ ধরে এই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
 
ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে বয়ে আসা উদনা ছড়ার পাড় ভেঙ্গে গতিপথ হারিয়ে গ্রামের ভেতর প্রবল বেগে পানি প্রবেশ করলে ইউনিয়নের জোরপুল সংলগ্ন ভূজপুর এলাকায় ব্রিজটির কিনারের মাটি পানিতে ভেসে যায়। ব্রিজটি ধসে পড়ে।
 
সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল থেকে সাতগাঁও রেল স্টেশন বাজার হয়ে জামসী কালীবাড়ী যাওয়ার পথে আশিদ্রোণ ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা ভূজপুর গ্রামের প্রধান সড়কে অবস্থিত ব্রিজটি পুরোপুরি হেলে পড়েছে।অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আশপাশের ১০/১২টি গ্রামের লোকজন পায়ে হেঁটে কিংবা বিকল্প রাস্তায় মারাত্মক ভোগান্তি নিয়ে শহরের সঙ্গে যোগাযোগ করছেন।
 
এলাকাবাসী মামুন আহমেদ, রমজান আলী, জুয়েল মিয়া, সুব্রত দাশ, সঞ্জয় দেবসহ অনেকে জানান, ঈদের আগের দিন ব্রিজটি ভেঙে পড়ে। দুই সপ্তাহ হয়ে যাচ্ছে ব্রিজটি মেরামত কিংবা সংস্কারের কাজ হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষও এ ব্যাপারে তেমন নজর দিচ্ছে না।
 
কলেজ পড়ুয়া শিক্ষার্থী রাজীব দেব, পুলক পাল, মধাব রায়, নূরে আলম, সুমন আহমেদ জানায়, ব্রিজটি ভেঙ্গে পড়ায় শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়তের মারাত্মক অসুবিধা হচ্ছে। এছাড়া ইউনিয়নের দুইটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কিন্ডার গার্টেন স্কুল, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা পথ চলালে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ব্রিজের কারনে এ রাস্তা দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
 
ব্রিজ ধসে পড়ার বিষয়ে অবগত আছেন উল্লেখ করে শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার বলেন, এ ব্যাপারে আমরা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। বরাদ্দ আসার আগ পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
আশিদ্রোণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণেন্দ্রপ্রসাদ বর্ধন জহর বলেন, উদনাছড়ার পানিতে আশিদ্রোণ ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে। একইসঙ্গে উদনার পাড় এলাকায়ও সড়ক ধসে যান চলাচল বন্ধ ছিল। ইউনিয়নের পক্ষ থেকে সকল এলাকার দূর্যোগ পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে। ইতোমধ্যে উদনার পাড় সড়কে কিছুটা কাজ করা হয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে। ভূজপুর এলাকায়ও ব্রিজের পাশে বিকল্প ব্যবস্থায় যান চলাচলের ব্যবস্থা করা হবে।
 
ইত্তেফাক/নূহু