বাউফলে ‘ফ্রি আই স্ক্রিনিং ক্যাম্প’ অনুষ্ঠিত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:৫৮

ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে দেশব্যাপী বিনামূল্যে আই স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার পটুয়াখালীর বাউফলের আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়।

এ ক্যাম্পে মোট ৫৭৯ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১২৫ জন ছানি রোগী, ১৮৬ জন চশমার রোগী সনাক্ত করা হয় এবং ক্যাম্প হতে ১৪৫ জন রোগীকে চশমা প্রদান করা হয়। পরবর্তী দিনে তাদের ছানি অপারেশন ও অবশিষ্ট চশমা রোগীদের আগামী ৫ ডিসেম্বর, ২০১৮ চশমা প্রদান করা হবে। ৪৫৪ জন রোগীকে ক্যাম্প হতে ঔষধ প্রদান করা হয়।

‘ফ্রি আই স্ক্রিনিং ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম। তিনি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলার স্বাস্থ্য অফিসের প্রতিনিধি মোসা. মনোয়ারা বেগম, কাজী ফিরোজ আহম্মদ, আব্দুর রশিদ সরদার, আব্দুস সাত্তার মন্টু, জামাল নাসের রোমেল, হুমায়ূন কবীর, কাজী হাসানুজ্জামান, মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

ডিসিআইর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় ক্যাম্পের সফলতা কামনা করে বলেন, ‘ফারাজের স্মরণে চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো- হতভাগ্য-সুবিধা-বঞ্চিত মানুষের চোখে দৃষ্টি ফেরানো এবং তাদের মাঝে নতুন ভাবে আশা জাগানো। আমি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসাবে বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে, অন্ধত্ব দূর করা কতটা প্রয়োজন এবং দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের সহযোগিতা করা কতটা জরুরী। এটা আমাদের সবোর্চ্চ প্রতিজ্ঞা, যে সকল দরিদ্র মানুষ আর্থিক অস্বচ্ছলতার কারণে ডাক্তারের নিকট গিয়ে চিকিৎসা নিতে অক্ষম তাদের সেবা প্রদান করা। আমরা অন্ধত্ব দূর করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সেবা প্রদানের জন্য বদ্ধ পরিকর’।

ইত্তেফাক/বিএএফ