গোপালগঞ্জে বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৫:১৪
গোপালগঞ্জে বাস ও  থ্রি-হুইলার (মাহেন্দ্র) সংঘর্ষে  সাবেক ইউপি সদস্য সোনা মোল্লা (৫৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিক্ষার্থীসহ ৩ জন। থ্রি-হুইলারের চালক মোশাররফ মিনাকে আশংকাজনক অবস্থায় খুলনা প্রেরণ করা হয়েছে। কলেজ শিক্ষার্থী সাকিব মোল্লা (১৭) ও রত্নাকে (১৭) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা ব্রিজের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সোনা মোল্লা থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। তিনি সোনা মোল্লা কাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য ও কাঠি গ্রামের মৃত মোতালেব মোল্লার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল। বাসের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় বেপরোয়া গতিতে গন্তব্যে পৌঁছানোর সময় থ্রি-হুইলাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সোনা মোল্লার মৃত্যু হয়। চালক ও দুই শিক্ষার্থী আহত হন।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় একজনের মুত্যুর খবর নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/এমআই