সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৬:৩৬

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একই পরিবারের দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ সময় পার্শ্ববর্তী আরো একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় নগদ সাড়ে তিন লাখ টাকা, স্বর্ণালংকার, ধান ও চালসহ ১০লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

ক্ষতিগ্রস্তরা হলেন, মোঃ মমিনুল হক, কামাল উদ্দিন, ছালাউদ্দিন, আলাউদ্দিন, শাহেদা আক্তার ও আবদুল হক পাটোয়ারী।

ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শায়েন্তানগর গ্রামের স্কুল আলা বাড়ি সংলগ্ন দীঘিরপাড় মৃত আবদুর রবের বাড়িতে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আবদুর রবের বাড়িতে বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে একটি পরিবারের ৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বসতঘরে থাকা নগদ সাড়ে ৩লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ ১০লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

ইত্তেফাক/নূহু