মনপুরা-হাতিয়ার মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবি

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৮:০১

ভোলার মনপুরা ও নোয়াখালীর হাতিয়া সীমানার মধ্যবর্তী মেঘনায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বুধবার মনপুরায যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই সময় ট্রলারে থাকা অর্ধশতাধিক যাত্রীসহ মালামাল নদীতে ভাসতে থাকে। পরে তিনটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে ভাসমান যাত্রীদের উদ্ধার করে। যাত্রীদের কেউ নিখোঁজ নেই বলে জানান ডুবে যাওয়া ট্রলারের কেরানী সেলিম।

উদ্ধার পাওয়া যাত্রীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মনপুরা আসার সময় মনপুরা ও হাতিয়ার সীমান্ত মধ্যবর্তী মেঘনার জাহাজ ঘাট এলাকায় আলাউদ্দিন মাঝির ট্রলারটিতে
হঠাৎ করে পানি উঠতে শুরু করে। একপর্যায়ে ট্রলারটি পানিতে ডুবে যায়। এ সময় ট্রলারের ছাদের ওপর কিছু যাত্রী আশ্রয় নেয়। তবে বেশির ভাগ যাত্রী মেঘনায় ভাসতে থাকে। পরে তিনটি ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করে। কোন যাত্রী নিখোঁজ রয়েছে কিনা এমন প্রশ্নে উদ্ধার হওয়া যাত্রীরা বলেন, নিখোঁজ রয়েছে কিনা জানিনা। তবে যাত্রীদের মালামাল মেঘনায় ভেসে গেছে।

এ ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভুঁঞা জানান, হাতিয়ার মেঘনায় মনপুরার আলাউদ্দিন মাঝির যাত্রীবাহি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রলারটির সকল যাত্রীদের অন্য ট্রলার উদ্ধার করে মনপুরায় নিয়ে এসেছে। দুর্ঘটনাকবলিত ট্রলারটির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, ট্রলারডুবির ঘটনাটি হাতিয়া উপজেলার মেঘনায় ঘটেছে। আমি বিষয়টি শুনে খোজ খবর নিয়েছি। ডুবে যাওয়া ট্রলারের সকল যাত্রীদের উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোন যাত্রী নিখোঁজ নেই।

ইত্তেফাক/নূহু