টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি সিকদার মুহাম্মদ ছবুর রেজার বাসায় তল্লাশি করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের সৌখিন মোড়ের ওই বাসায় সখীপুর থানা পুলিশ এ তল্লাশি চালায়।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান ছবুর রেজা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের একটি দল আমার ওই বাসায় এসে তল্লাশি চালায়। এ সময় আমি বাসায় উপস্থিত ছিলাম না। তারা এসে আমার বিষয়ে জানতে চায় এবং খোঁজাখুঁজি করে।
তিনি আরও বলেন, আমার নামে কোন মামলা-মোকদ্দমা নেই। তারপরও পুলিশ আমাকে গ্রেফতার করবে বলে হুমকি দিয়ে গেছে।
এ প্রসঙ্গে সখীপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এসএম তুহিন আলী জানান, ভাইস চেয়ারম্যানের বাসায় নাশকতা ঘটনার পরিকল্পনার কোনো বৈঠক করা হচ্ছে কি না তা জানতেই এ তল্লাশি চালানো হয়েছে।
ওসি আরও জানান, মঙ্গলবার ছবুর রেজার নেতৃত্বে দলের কেন্দ্রীয় এক নেতার মুক্তির দাবিতে তারা পৌরশহরে ঝটিকা মিছিল বের করে। সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যক্রম রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
