ইন্দুরকানীতে জাল টাকাসহ যুবক গ্রেফতার

আপডেট : ২৮ জুন ২০১৮, ২১:৪৭

পিরোজপুরের ইন্দুরকানীতে জাল টাকা দিয়ে জাল কিনতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক যুবক। আজ বুধবার দুপুরে  উপজেলার ঘোষেরহাট বাজারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মাছ ধরার জাল বিক্রেতা লতিফ তালুকদারের কাছে জাল কিনতে যায় হালিম শেখ (৩৫)। এ সময় হালিম ১৫০ টাকা দিয়ে জাল কেনার পরে বিক্রেতা লতিফকে এক হাজার টাকার একটি নোট দেয়। সাথে সাথে তার পাওনা টাকা ফেরত নিয়ে ক্রয়কৃত জাল ওই দোকানেই রেখে আসেন। কিছু সময় পর বৃদ্ধ দোকানদার লতিফের এক হাজার টাকার নোট নিয়ে সন্দেহ হয়। তিনি কয়েকজনকে নোটটি দেখালে তারা জাল টাকা বলে সনাক্ত করে। এ সময় কৌশলে হালিমকে টাকাসহ আটক করে জনতা।

স্থানীয় ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার জানান, জনতা কৌশলে জাল টাকাসহ হালিমকে আটক করে। পরে তার কাছে সব মিলিয়ে দুটি জাল টাকার নোট পাওয়া যায়। আমরা জাল টাকাসহ তাকে পুলিশের কাছে দিয়েছি।

ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জনতা আটক করে হালিমকে এক হাজার টাকার দুটি জাল নোট সহ থানায় দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

হালিম শেখ মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া গ্রামের মৃত আঃ রব শেখের ছেলে।

ইত্তেফাক/নূহু