রাজধানীর রূপনগরের বেড়িবাঁধ সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে বেড়িবাঁধের পঞ্চবটী নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ফারুক ও মনির হোসেন। আহতদের ফায়ার সার্ভিস উদ্ধার করে জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করেছে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, ঢাকা হতে শাহ সিমেন্টের রেডিমিক্স (ঢাকা মেট্রো-শ-১১-২২৯৫) গাড়ি আশুলিয়া যাওয়ার পথে এবং আশুলিয়া হতে আজুয়া বেকারীর কাভার্ড ভ্যান গাড়ি (ঢাকা মেট্রো-শ-১৩-০৩৩৯) ঢাকা যাওয়ার পথে পঞ্চবটি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে উত্তরা ও মিরপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনায় গাড়ি দুইটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
