রংপুর ও দিনাজপুরে র্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। পৃথক এই অভিযানে ১ জন গ্রেফতার এবং মোবাইল কোর্টের মাধ্যমে দুজন পলিথিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-১৩ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক খন্দকার এএসপি গোলাম মোর্ত্তূজা, র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন গ্রামস্থ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জনৈক তুহিন পোল্ট্রি ফার্মের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তারা ২৮৩ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইল, ০৩ টি সিম ও মাদকদ্রব্য বিক্রয়ের ২৫১০ টাকা উদ্ধার করে।
এ সময় মাদক ব্যবসায়ী মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বর্ণপাড়া গ্রামের বাসিন্দা বতর্মান নীলফামারী জেলার সৈয়দপুর থানার মদিনা লেন বাঁশবাড়ির বাসিন্দা মৃত আব্দুল আজিজ মিয়া পুত্র রুহুল আলম সুমনকে (৩৯) গ্রেফতার করে।
এদিকে র্যাব-১৩ এর সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার সকালে অপর এক অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী বাজার ও জায়গীরহাট বাজারে অভিযান চালিয়ে সর্বমোট ২ হাজার ৪০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে।
এ সময় জেলার পীরগঞ্জ উপজেলার ধোরাকান্ত এলাকার বাসিন্দা চাঁন মিয়ার পুত্র মোতাবেল হোসেন (৩০) এবং মিঠাপুকুর উপজেলার খোসালপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহিমের পুত্র হাবিবুর রহমানকে (৪২) আটক করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে ওই দুই পলিথিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত পলিথিন জনসম্মুখে ধ্বংস করা হয়।
ইত্তেফাক/নূহু
