নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষি শ্রমিক নিহত

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৬:৫৩
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওশন আলী (২২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জলঢাকা রংপুর সড়কের কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের রবিউলের বাজার এলাকায় ঘটেছে। নিহত রওশন আলী একই ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত কাদের আলীর ছেলে এবং পেশায় কৃষি শ্রমিক ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রওশন আলী বাইসাইকেলযোগে তার বাড়ি থেকে রবিউলের বাজার আসছিলেন। এ সময় বিপরিতমুখী জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক নম্বর ঢাকা মেট্রো ট - ২০-৭৪৯১ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন রওশন আলী। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে রণচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান বলেন, নিহত রওশন আলী পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশীদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/নূহু