দর্শনা সীমান্তে প্রায় দেড় কেজি সোনার বিস্কুটসহ ফরিদপুরের এক ব্যক্তিকে আটক করেছে বেনাপোল কাস্টমসের গোয়েন্দা সংস্থা। বিকালে তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল শুল্ক ও গোয়েন্দা সংস্থার রাজস্ব কর্মকর্তা শ্রী ছবি রানী দত্ত সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা কাস্টমস চেকপোস্টের কাছে গোয়েন্দা সংস্থার লোকজন অবস্থান করে। এ সময বেলা আড়াইটার দিকে একজন পাসপোর্টধারী যাত্রী তড়িঘড়ি করে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। তার সন্দেহজনক আচরণের কারণে তাকে কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। পরে বিজিবি ও দর্শনা কাস্টমস সুপারসহ সাংবাদিকদের সামনে তার ব্যাগ তল্লাশি করে ১৩ টি বিস্কুট আকৃতির সোনার পাত উদ্ধার করা হয়।
দর্শনা কাস্টমস সুপার সঞ্জীব আচার্য বলেন তার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানায়। তার নাম দেলোয়ার হোসেন। তার বাবার নাম ওমেদ আলি।
আটক স্বর্ণের মূল্য প্রায় ৭২ লাখ টাকা বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
ইত্তেফাক/নূহু
