ছাতকে বিয়ের আগের রাতে গ্রেফতার হয়েছে আহসান হাবিব (২৭) নামের এক যুবক। সে উপজেলার পুরান মৈশাপুর গ্রামের গোলাম কিবরিয়ার পুত্র। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তার বিয়ের দিন-তারিখ ধার্য ছিল। বিয়ের সকল আয়োজনও সম্পন্ন হয়েছিল। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার কারনে তার এ বিয়ে পণ্ড হয়ে যায়। ছাতকের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
হাবিবের আটকের কথা স্বীকার করে ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য আহসান হাবিবকে আটক করা হয়েছে। আলোচিত ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় থানা ও আদালতে দুইটি মামলা করা হয়েছে। বুধবার সুনামগঞ্জ আদালতে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রেহেনা বেগম।
এ দিকে মঙ্গলবার রাতে থানার এসআই অরুপ সাগর বাদী হয়ে তড়িঘড়ি করে এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেন। এ দুটি মামলা যুক্ত করে তদন্তের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ ব্যাপারে নিহতের স্ত্রী রেহেনা বেগম জানান, ৩দিন মামলা নিয়ে থানা পুলিশের কাছে ধর্ণা দিয়েছি। কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছি। থানার ওসি আতিকুর রহমান আসামিদের রক্ষা করতেই মঙ্গলবার রাতে আমাদের অজ্ঞাতে থানায় একটি মামলা রুজু করে হত্যাকাণ্ডটি ভিন্নখাতে প্রবাহিত করার পায়তারা করছেন।
ইত্তেফাক/নূহু
