খুলনায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতাসহ আহত ৬, গাড়ি ভাঙচুর

আপডেট : ২৯ জুন ২০১৮, ২১:০৯
খুলনায় প্রতিপক্ষের হামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামালসহ ৬ জন আহত হয়েছেন। এ সময় জামালের প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাতে দিঘলিয়া উপজেলার নগরঘাট ফেরিঘাটে এ হামলার ঘটনা ঘটে। 
 
আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল জানান, তিনি শুক্রবার বিকালে সাংগঠনিক কাজে দিঘলিয়া উপজেলায় যান। সেখান থেকে খুলনা শহরে ফেরার পথে রাত ৮টার দিকে নগরঘাট ফেরিঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আওয়ামী লীগের একটি গ্রুপের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ছাড়া তারা প্রাইভেটকার ভাঙচুর ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের হামলায় তিনি নিজে, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলম, যুবলীগ নেতা সরদার জাকির, জামিল খান ও সুমন খানসহ দলের ৬ জন নেতাকর্মী আহত হন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য যাচ্ছেন। 
 
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হাবিবুর রহমান জানান, হামলায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
ইত্তেফাক/ইউবি