জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

আপডেট : ৩০ জুন ২০১৮, ০৪:৫৩
শিক্ষা জীবন শেষে ২ মাস হলো চাকরির বয়স। এর মধ্যে জীবন প্রদীপ সারা জীবনের জন্য নিভে গেল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষিকা জাকিয়া সুলতানার (২৩)। শুক্রবার রাত সাড়ে ৮টায় জেলা শহরের খনজনপুরে এই দুর্ঘটনা ঘটে।
 
জয়পুরহাটের পাশের উপজেলা বদলগাছীর গোপালপুর গ্রামের ডলার হোসেনের মেয়ে জাকিয়া সুলতানা জয়পুরহাট বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট সাইবারটেকে শিক্ষকতা পেশায় যোগদান করেন মাত্র দু’মাস আগে। থাকেন জয়পুরহাটের বদরমাস্টার সড়কের বকুল ছাত্রী নিবাসে। 
 
বৃহষ্পতিবার যথারিতি চাকরি শেষে বাড়ি যান বাবা-মায়ের সঙ্গে দেখা করতে। শুক্রবার আবার জয়পুরহাটে আসার জন্য বের হয়ে ব্যাটারী চালিত একটি অটোতে ওঠেন। জয়পুরহাট শহরের খনজনপুর এলাকায় চারমাথা মোড়ের সন্নিকটে মঙ্গলবাড়ি থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মখোমূখি অবস্থান হলে হঠাৎ করেই অটো চালক অটো ঘুরিয়ে নেয়ার চেষ্টা করলে জাকিয়া ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এ সময় বাস জাকিয়ার উপর দিয়ে যায়। ফলে ঘটনা স্থলেই জাকিয়ার মৃত্যু হয়। 
 
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে যায় এবং জাকিয়ার মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। রাত সাড়ে ১০টায় পরিবারের নিকট জাকিয়ার লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। তবে ঘাতক বাসটি বাস চালক পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/কেআই