খিলগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে স্কুলছাত্র খুন

আপডেট : ৩০ জুন ২০১৮, ০৮:৫২
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার নাম আল-আমিন (১৬)। গতকাল শুক্রবার সন্ধ্যায় সে বন্ধুদের সঙ্গে বাইরে বের হলে হত্যার শিকার হয়। প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুরা জানিয়েছে, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছেলেরা তাকে হত্যা করেছে। গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
নিহতের স্বজনরা জানান, আল-আমিনের গ্রামের বাড়ি বরিশালে। সে নন্দীপাড়ার রিফ্যুজি ক্যাম্প এলাকায় নানির বাড়িতে থাকত। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। গতকাল সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সঙ্গে গোলারবাড়ি মেলায় বেড়াতে যায়। এ সময় স্থানীয় কয়েক তরুণ তাকে ধাওয়া করে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন জয় জানান, নন্দীপাড়ার গোলারবাড়ি এলাকায় সোহরাব, জাবেদ, সোহেল ও সালামসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আল-আমিনকে চাকু দিয়ে আঘাত করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
 
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, নিহত তরুণের বন্ধুদের তথ্যমতে, ঈদুল ফিতরের আগে এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের বিরোধের সূত্রপাত হয়। তখন সোহরাব নামে এক তরুণকে মারধর করে আল-আমিন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল আল-আমিনকে ছুরিকাঘাত করা হয়। জানা গেছে, আল-আমিনের বাবার নাম মোশারফ হোসেন ও মা কুলসুম বেগম। মোশারফ গ্রামের বাড়িতে ও কুলসুম বিদেশে থাকেন।
 
ইত্তেফাক/কেকে