তিন জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছিনতাইকারী নিহত এবং মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। নরসিংদী ও যশোরে শুক্রবার দিবাগত রাতে এবং লালমনিরহাটে শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ছিনতাইকারী ইদ্রিস মিয়া কুড়িগ্রামের, সন্ত্রাসী জাহিদ হাসান টোকন যশোরের এবং গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জলিল লালমনিরহাটের বাসিন্দা।
নরসিংদী: সদর উপজেলার শীলমান্দি গ্রামে শুক্রবার দিবাগত রাতে 'বন্দুকযুদ্ধে' ছিনতাইকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ছিনতাইকারী ইদ্রিস মিয়া (২৮) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চানখাঁ গ্রামের আবদুর রশীদের ছেলে।
পুলিশের নরসিংদী জেলা পরিদর্শক গোলাম মারুজার জানান, শুক্রবার সকালে একটি অটোরিকশা ছিনতাইকালে পলাশ উপজেলার পানিকশা গ্রাম থেকে ইদ্রিসকে আটক করে ডিবি পুলিশ।
তাকে জেলা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ইদ্রিসের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে তার সহকর্মীদের আটক করতে অভিযান চালায় পুলিশ। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ইদ্রিসের সহযোগিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে। দুই পক্ষের গোলাগুলিতে ইদ্রিস মারা যান। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
যশোর: ঝিকরগাছা উপজেলায় শুক্রবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তার নাম জাহিদ হাসান টোকন (২৯)। তিনি কৃষ্ণনগর গ্রামের আসলাম মাস্টারের ছেলে ও তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, জেলা শহর থেকে শুক্রবার রাত ১২টার দিকে টোকনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন।
ওই রাতেই একদল পুলিশ তাকে নিয়ে কায়েমকোলা বাঘমারা বিলে অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে টোকনের সহযোগীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। সন্ত্রাসীরা পিছু হটলে টোকনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। টোকনের নামে ঝিকরগাছা থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ ২৭টি মামলা রয়েছে।
লালমনিরহাট: হাতীবান্ধা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম আব্দুল জলিল (৪০)। শনিবার ভোরে গাওচুলকা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। জলিল উপজেলার উত্তর গোতামারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলিলকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
