হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগের দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে হঠাৎ ছাত্রলীগের দুটি পক্ষ কলেজের ক্যাম্পাসে লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। একপক্ষ আরেকপক্ষের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াছ হোসেন জানান, হঠাৎ করেই ছাত্রলীগের কিছু কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা সবাই ছাত্রলীগের কর্মী।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমান জানান, কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি চলছে। তারাই ভর্তি নিয়ে হয়তো সংঘর্ষে লিপ্ত হয়েছে। তারা ছাত্রলীগের নাম ব্যবহার করেছে। ছাত্রলীগকে দুর্নাম করার জন্যই এমনটি করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, ছাত্রলীগের দুইপক্ষ নতুন শিক্ষার্থীদের নিজেদের শক্তি প্রদর্শনের জন্য ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
ইত্তেফাক/ইউবি
