আদমদীঘিতে অস্ত্রসহ ২ জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৪:৫৩
আদমদীঘিতে শনিবার দিবাগত রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারসহ ২ জেএমবি ক্যাডারকে গ্রেফতার করেছে। তারা হলেন- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছোটচক গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও পারচৌকা গ্রামের আইউব আলীর ছেলে আব্দুল বারি (২১)।
 
বগুড়া জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নুরে আলম সিদ্দিকী জানান, শনিবার গোপন সংবাদ পাওয়া যায় একদল জেএমবি ক্যাডার আদমদীঘি উপজেলার যেকোন স্থানে গোপন বৈঠকে মিলিত হবে। পরে নিশ্চিত হওয়া যায় তারা বগুড়া-নওগাঁ মহসড়ক সংলগ্ন পৌঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এক পাশে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫জন জেএমবি ক্যাডার পালিয়ে গেলেও ২জনকে গ্রেফতার করা হয়েছে।
 
তাদের কাছ থেকে ২টি সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ (৭.৬৫) পিস্তল, ১২ রাউন্ড তাজা গুলি ও ৪ ম্যাগজিন পাওয়া যায়। আদমদীঘি থানা অফিসার ইনচার্জ আবু সায়িদ মো. ওয়াহেদুজ্জামান বলেন, এঘটনায় আদমদীঘি থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি