গৌরনদীতে ইউপি সদস্যর লালসায় স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৬:৫৮

বিয়ের প্রলোভন দেখিয়ে এক ইউপি সদস্য নবম শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষনের মাধ্যমে অন্তঃসত্ত্বা করেছে। রবিবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এরপর ইউপি সদস্যর হুমকির মুখে নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় এলাকাবাসী ইউপি সদস্য রাসেল সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। ঘটনাটি গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিং হলপট্টি গ্রামের।

স্থানীয়রা জানান, ওই গ্রামের ইউপি সদস্য রাসেল সরদার বিয়ের প্রলোভনে একই গ্রামের চাঁনমিয়া সরদারের কন্যা নবম শ্রেনীর ছাত্রী রুপা আক্তারের সঙ্গে দীর্ঘদিন থেকে দৈহিকভাবে মেলামেশা করে আসছিলো। এলাকাবাসী আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য রাসেলকে একাধিকবার ওই ছাত্রীর বসত ঘরে আটক করলেও সে (রাসেল) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। একাধিককার ধর্ষনের ফলে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

রবিবার সকালে সরেজমিনে নরসিংহলপট্টি গ্রামে গিয়ে চাঁনমিয়া সরদারের বসতঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি সদস্য রাসেল সরদারের অব্যাহত হুমকির মুখে নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা।

অভিযুক্ত ইউপি সদস্য রাসেল সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকির অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে রির্পোট না করে সংবাদ কর্মীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব দেন।

গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু