রাজশাহীতে কাঁচা মরিচের দাম তিন দিনের ব্যবধানে তিনগুণ

আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৮:০৭

মাত্র তিন দিনের ব্যবধানে রাজশাহীর বাজারে কাঁচা মরিচের দাম তিনগুণ বেড়েছে। আগে প্রতিকেজি কাঁচা মরিচ ৪০ টাকায় বিক্রি হলেও রবিবার বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। অথচ আগে দাম কম হওয়ায় খুচরা ব্যবসায়ীরা ক্রেতাদের ডেকে জোর করে কাঁচা মরিচ ব্যাগে তুলে দিতেন।
হঠাৎ করে কাঁচা মরিচের দাম তিনগুণ বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রেতারা বলছেন, হঠাৎ করে মরিচের দাম কেন এত বেড়ে যাবে? কিছু দাম বাড়তে পারে। কিন্ত এত দাম বাড়ার কোন কারণ নেই। তাই ক্রেতারা সংশ্লিষ্ট বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, পবিত্র রমজান মাসের পূর্বে থেকেই রাজশাহী মহানগরীসহ আশেপাশের বাজারগুলোতে মরিচ ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। রমজান মাসেও কাঁচা মরিচের দামের তেমন কোন প্রভাব পড়েনি। ঈদের পরেও দাম কম ছিল। গত তিন দিন আগে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। এক লাফে ৪০ টাকা কেজি থেকে ১২০ টাকা কেজি দরে উঠে যায়। এ নিয়ে কম আয়ের মানুষসহ ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

কোর্ট স্টেশন বাজারে সবজি ক্রেতা আব্দুল্লাহ বলেন, যে মরিচের দাম তিনদিন আগেও ৪০ টাকা কেজি ছিল। সেই মরিচের দাম অবিশ্বাস্য মনে হলেও এখন ১২০ টাকা কেজি। ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বাড়িয়ে দিচ্ছেন। তারা যা ইচ্ছা তাই করছেন। এ জন্য প্রশাসনের উচিত কালোবাজারিদের আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি দেয়া দরকার। তাহলে কেউ আর এমন অনিয়ম করার সাহস পাবে না।

খুচরা বিক্রেতা রহিম বলেন, পাইকারী বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে। তাই তারাও বেশি দামে বিক্রি করছেন। এখানে তাদের কিছু করার নেই। তিনি আরও বলেন, বর্ষার ভারি বৃষ্টি শুরু হলে কাঁচা মরিচের দাম আরো বাড়বে। অন্য সবজির দামও বাড়বে বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু