কুষ্টিয়ার মিরপুরে ফেরদৌস শাহীন (৩০) ও রাসেল (১৮) নামের দুই ভূয়া পুলিশ সদস্যকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। শনিবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর-চরপড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ফেরদৌস শাহীন উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর এলাকার আবুল হোসেনের ছেলে এবং রাসেল একই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে।
মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শাহীন এবং রাসেল আমলা ক্যাম্প পুলিশের পরিচয় দিয়ে উক্ত এলাকায় মোটসাইকেলের কাগজপত্র দেখার কথা বলে টাকা নিচ্ছিল। এমন সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে আমলা ক্যাম্প পুলিশের কাছে সোপর্দ করে।
জানা যায়, শাহীন তার ছোটভাই আশিক (বিপি-৯৪১৩১৬৩৮৪৪) এর আইডি কার্ড ব্যবহার করে পুলিশ পরিচয় দেয়। আটককৃতরা বলে আমরা আমলা পুলিশ ক্যাম্পে কর্মরত।
আশিক বর্তমানে ছুটিতে রয়েছে এবং মেহেরপুর পুলিশ লাইনে কর্মরত।
ইত্তেফাক/নূহু
