কামরাঙ্গীরচরে বন্ধুকে বাঁচাতে গিয়ে ডোবায় নিখোঁজ আরেক বন্ধু

আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৯:১৫
রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধের পাশে খেলতে গিয়ে হৃদয় নামের এক শিশু ময়লার ডোবায় পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে ইমন নামে তার এক বন্ধু নিখোঁজ হয়েছে। স্থানীয় বাসিন্দারা হৃদয়কে উদ্ধার করলেও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ৪ ঘণ্টা চেষ্টা করেও ইমনকে উদ্ধার কতে পারেনি। রবিবার দুপুরে পুরান ঢাকার নবাবগঞ্জ বড় মসজিদের অদূরে বেড়িবাঁধের সামনে এ ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শহীদুর রহমান জানান, দুপুর পৌনে একটার দিকে পূর্ব রসুলপুর মুকুলের বাড়ির ভাড়াটিয়া রজব আলীর ৬ বছর বয়সী ছেলে হৃদয় আর তার বন্ধু ইমন বাসার অদূরে বেড়িবাঁধের পাশে ময়লার স্তুূপে খেলা করছিল। খেলাধুলা করতে করতে পাশের ডোবার পানির কাছাকাছি গেলে এক পর্যায়ে ময়লার স্তুূপে পা দিতেই হৃদয় ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে। এ সময় ইমন তাকে বাঁচাতে গেলেই একইভাবে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার সময় দুই শিশুর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে আসে।
 
তিনি আরও জানান, তারা পৌঁছার আগেই স্থানীয় বাসিন্দারা হৃদয়কে উদ্ধার করে। সে সুস্থ রয়েছে। তবে তারা দীর্ঘক্ষণ চেষ্টা করেও ইমনকে উদ্ধার করতে পারেননি।
 
শহীদুর রহমান জানান, বেড়িবাঁধের পাশে বুড়িগঙ্গা শাখা নদীতে ময়লা-আবর্জনা ফেলার কারণে তা এখন ছোট্ট ডোবা। ময়লা-আবর্জনায় ডোবা ভরাট হলেও নিচের দিকে ময়লা-আর্বজনা নরম। শিশু দু’টি ওইখানে পড়ে যায়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ইমনকে উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান তিনি। 
 
ইত্তেফাক/এমআই