আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৯:২৯

সাভারের আশুলিয়ায় মীম আক্তার (২০) নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে আশুলিয়ার অন্ধকলোনি এলাকার রহমান হাজীর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত মীম আক্তার নওগাঁ জেলার উলিপুর গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে। সে তার স্বামী সজীব হোসেনের সাথে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত।

নিহতের মা কিরণ বেগম অভিযোগ করে বলেন, দুই বছর আগে আমার মেয়ের সঙ্গে সজিবের বিয়ে হয়। সজিব প্রায় সময় নেশাগ্রস্ত থাকে। ক্যারাম ও জুয়ায় আসক্ত সে। কিন্তু  বিয়ের আগে আমার মেয়ে তা জানত না। বিয়ের পর থেকেই সজীব নেশা ও জুয়ার টাকার জন্য আমার মেয়েকে মারধর করত। শনিবার গভীর রাতে সজিবের মা আমাকে ফোন করে বলে আপনার মেয়ে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতেই পারে না। তার ৯ মাসের একটি শিশু সন্তান রয়েছে। সজিব ও তার মা মিলে মীম আক্তারকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে বলে তিনি অভিযাগ করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহিনুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

ইত্তেফাক/নূহু