ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথমপত্রে দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্নো তারকার নাম ছাপার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গতকাল শুক্রবার রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ এর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবম শ্রেণির বাংলা প্রথমপত্রে একটি বহু নির্বাচনী প্রশ্নে জানতে চাওয়া হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী ? এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয় তার মধ্যে রয়েছে পর্নো তারকা মিয়া খালিফার নাম। তবে তার নাম লেখা হয়েছে ‘মিয়া কালিফা’। আরেকটি প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘আম-আঁটির-ভেঁপু’ কার রচিত? এই প্রশ্নের সম্ভাব্য চারটি উত্তরের একটি নাম সানি লিয়ন।
এবারের নিবন্ধন পরীক্ষায় সারাদেশের ২০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন। এর মধ্যে কলেজ পর্যায়ে রয়েছে ৩ লাখ ২১ হাজার ১৮৬ জন এবং নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ৮২ হাজার ২২৫ জন। স্কুলপর্যায়ে (এবতেদায়ী মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে) ৫৬ হাজার ৬২২ জন । ১৪তম নিবন্ধন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লাখ ২৩ হাজার ৫৫৪ জন।
