শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। টেকনাফে পিক-আপ ভ্যান উল্টে এক রোহিঙ্গাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহের গৌরীপুরে বাস-লড়ি সংঘর্ষে একজন, সেনবাগে বাসের ধাক্কায় এক ছাত্রদল নেতা, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় এক শিশু, বাগের হাট ও ভোলার চরফ্যাশনে দুইজন, জামালপুরে ট্রাক চাপায় একজন এবং ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের টেকনাফে একটি পিক-আপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে পিক-আপটি উল্টে গিয়ে এর আরোহী এক রোহিঙ্গাসহ ২ জন নিহত এবং অপর ১১ আরোহী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সৌরবিদ্যুত্ প্রকল্পের উত্তর-পশ্চিম সড়কে কক্সবাজার হতে টেকনাফগামী নাম্বারবিহীন ওই পিক-আপ ভ্যান এবং টেকনাফ হতে হ্নীলাগামী একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিক-আপ ভ্যানটি উল্টে গেলে গাড়িতে থাকা লোকজন চাপা পড়ে। এসময়ে ওই রাস্তা দিয়ে যাওয়া যানবাহনের লোকজন দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিত্সার জন্য লেদা রোহিঙ্গা ক্যাম্পের আইওএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর আবু শামার পুত্র গুরা মিয়া (৩৭) এবং বালুখালী রোহিঙ্গা বস্তির আবদুল হকের পুত্র আয়াছ উদ্দিনকে (১৮) মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক ও পিক-আপ চালকের সন্ধান পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশের ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে যাত্রীবাহী বাস ও লড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ যাত্রী। মঙ্গলবার মধ্যরাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী এমকে সুপার নামক বাস শিবপুর এলাকার কাছাকাছি যেতেই বিপরীত দিক থেকে আসা লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি নান্দাইলের রসুলপুর গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাকের চাপায় মো. হানিফ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দরুইন গ্রামের মোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় অটোরিকশার আরো চার যাত্রী আহত হয়েছেন। এরা হলেন নিহত হানিফের বাবা মোরশেদ আলম (৩০) ও মা মোছাম্মত্ নাজমা বেগম, মিলন মিয়া এবং রাশেদা বেগম। তাদের জেলা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের এসআই নারায়ণ চন্দ্র দাস জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, ফেনী-নোয়াখালী মহাসড়কে সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাটের পশ্চিম বাজারে বৃহস্পতিবার রাতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন (২৯) নামে এক ছাত্রদল নেতা নিহত ও সাইফুল নামে অপর আরোহী আহত হয়েছেন। ফরহাদ উপজেলার কাবিলপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মহিদী গ্রামের ওবায়দুল হকের পুত্র। আহত সাইফুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় আবু বাক্কার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ইসলামপুর পৌর মেয়র আবদুল কাদের শেখ সূত্রে জানা যায়, নিহত আবু বাক্কার পৌর এলাকার পলবান্ধা গ্রামের মৃত আইজল শেখের পুত্র।
এদিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেল রুটে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রিপন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে শশীভূষণ-আঞ্জুরহাট সড়কের কলমী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল আমিনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সালাউদ্দিনের ছেলে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষে সঞ্জয় কুমার সাহা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
