ফুলবাড়ী সীমান্তে ডিজেল পাচারের সময় দুই বাংলাদেশি আটক

আপডেট : ০২ জুলাই ২০১৮, ২০:৩৩
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্তে ৭টি প্লাস্টিকের কেনে ২২৫ লিটার ডিজেল ও একটি ব্যাটারি চালিত অটোবাইকসহ দুই বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।   
 
বিজিবি সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকালে উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্ত দিয়ে ভারতে ডিজেল পাচারের সময় কাশিপুর ক্যাম্পের হাবিলদার ছাইফুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ডিজেলসহ দুই চোরাকারবারীকে আটক করে। পরে সন্ধ্যায় জব্দকৃত ডিজেল ও অটোবাইকসহ ওই দুই বাংলাদেশি চোরাকারবারীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। 
 
আটককৃতরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের মাইদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের রুহুল আমিন (৪৬)।   
 
এ ব্যাপারে  লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ডিজেল ও অটোবাইকটির আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ২৭৫ টাকা। 
 
ইত্তেফাক/এমআই