ইটভাটা মালিককে হত্যার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৮:০১
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় প্রকাশ্য দিবালোকে ইটভাটা মালিককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় উপজেলার নড়াগাতি থানায় ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহতের ভাই আশিকুজ্জামান শরীফ বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
 
মামলার বিবরণে জানা যায়, গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ার অয়েজ উদ্দিন শরীফের ছেলে আসাদুজ্জামান টিটো শরীফ মধুমতি নদীর পাড়ের নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার চরসিংগাতি গ্রামে ইটভাটা তৈরি করে ব্যবসা করে আসছিল। জমির কেনা-বেচা ও মালিকানার নিয়ে ওই গ্রামের আবু বক্কর চৌধুরীর সঙ্গে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ একখণ্ড জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে গত ১ জুলাই দুপুর ১২ টার দিকে একদল সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে টিটো শরীফকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে এবং তার ডান হাতের কব্জি কেটে নেয়।
 
নৃশংস ওই হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আবু বক্কার চৌধুরীসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ১০/১২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন। 
 
নড়াগাতি থানার ওসি মোঃ আলমগীর কবির বলেছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এজহারভুক্ত ৩জন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/নূহু