গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় বাগমারার সগুনা গ্রামের জাহাঙ্গীর আলম ফিরোজ (৪৮) নামে এক ফুড কোম্পানীর মার্কেটিং অফিসার নিহত হয়েছেন। নিহত ফিরোজ উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সগুনা গ্রামের রেজাউল করিমের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফিরোজ গতকাল বাড়ি থেকে তাহেরপুর হয়ে নিজ কর্মস্থল বানেশ্বর ডেকো ফুড কোম্পানী অফিসে ফিরছিলেন। পথে ভবানীগঞ্জ-তাহেরপুর সড়কের রামরামা নামক স্থানে তেলের লরির সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এ সময় গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার করুন মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ফিরোজের পরিবারে স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী আছেন। ফিরোজ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ বলেন, বিষয়টি খুব দুঃখজনক। ঘটনাস্থল হতে লাশ থানায় নেওয়া হয়েছে। এছাড়া গাড়ি চালককে ঘটনাস্থলে আটক করা যায়নি। গাড়ি দ্রুত পালিয়ে গেলেও হাটগাঙ্গোপাড়া বাজারে গাড়িটি সনাক্ত করা হয়েছে। পরে গাড়ির ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ি হতে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। তবে প্রস্ততি চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু
