‘খালেদা জিয়া :তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ বই প্রকাশনায় ফখরুল

সরকার চাইলেও বিএনপিকে শেষ করতে পারবে না

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:৩২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এবং খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। সেজন্য সরকার চাইলেও বিএনপিকে শেষ করতে পারবে না। খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আবারও ঘুরে দাঁড়াবে।

গতকাল শুক্রবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উত্সবে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

‘খালেদা জিয়া: তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শিরোনামে বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বইয়ের লেখক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। বুক এভিনিউ থেকে প্রকাশিত ৮৬০ পৃষ্ঠার এই বইয়ের দাম রাখা হয়েছে দুই হাজার টাকা।