উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগুচ্ছে: ট্রাম্প

আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১২:২৭
উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা ইতিবাচকভাবে এগুচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  উত্তর কোরিয়ার সঙ্গে তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে কথা বলতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সেদেশে সফরে যাওয়ার আগ দিয়ে এমন মন্তব্য করলেন তিনি। খবর আল জাজিরার।
 
খবরে বলা হয়, সম্প্রতি একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক সক্ষমতার প্রসার ঘটানোর চেষ্টা করছে। যদিও গত মাসে ট্রাম্পের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠক শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
 
তবে ট্রাম্প ওই গোয়েন্দা প্রতিবেদন নিয়ে কোন মন্তব্য করেননি। তিনি টুইট করেন, উত্তর কোরিয়ার সঙ্গে বেশ ভালো আলোচনা হচ্ছে, এটা ইতিবাচকভাবে এগুচ্ছে। এর মাঝে, গত ৮ মাসে কোন রকেট উৎক্ষেপণ করা হয়নি, পারমাণবিক পরীক্ষাও চালানো হয়নি। 
 
তিনি আরো লিখেন, পুরো এশিয়া এই ঘটনায় আনন্দিত। কেবল বিরোধীদল, যাদের সঙ্গে ভুয়া খবর অন্তর্ভুক্ত, তারাই অভিযোগ করছে। আমি না থাকলে, আমরা এখন উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে থাকতাম।   
 
ইত্তেফাক/ জেআর