মাগুরায় বৃষ্টিতে কদর বেড়েছে ছাতা মিস্ত্রিদের

আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৭:৪২
মাগুরায় বর্ষা মৌসুমে বৃষ্টিতে ছাতা মোরামত করা মিস্ত্রিদের কদর বেড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা। সেই সঙ্গে আয়ও বেড়েছে। 
 
জানা গেছে, জেলায় গত চারদিন ধরে বৃষ্টি হচ্ছে। ছাতা ছাড়া ঘরের বাইরে কেউ যেতে পারছেন না। প্রত্যেকের একটি করে ছাতার প্রয়োজন হচ্ছে। তাই নতুন ছাতার ক্রেতাদের ভিড় দেখা গেছে দোকানে। সামর্থ অনুযায়ী  ছাতা ক্রয় করছেন ক্রেতারা। পাশাপাশি পুরাতন ছাতা মেরামতের হিড়িক লেগেছে। শহরের চৌরঙ্গী মোড় এলাকায় নতুন ছাতা বিক্রি ও মেরামতের একাধিক দোকান রয়েছে। ছাতা মেরামতকারীদের কাজ করে শেষ হচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম কাছ করছেন মিস্ত্রিরা। ফলে তাদের বাড়তি আয়ও হচ্ছে। 
 
ছাতা মিস্ত্রিরা জানান, পূর্বে যা আয় হতো বর্তমানে তার তিনগুণ আয় হচ্ছে। বর্ষকাল তাদের সিজন। অন্য সময়ের তুলনায় এ সময়ে তাদের ভালো কাজ হয়। কয়েকদিনের বৃষ্টিতে কাজের পরিমাণ বেড়েছে অনেকে গুণ বেশী। ফলে বাড়তি আয়ে পরিবার পরিজন নিয়ে বেশ ভালোভাবে চলছে সংসার। হাসি ফুটেছে ছাতা মিস্ত্রিদের মুখে।
  
ইত্তেফাক/এমআই