নাটোরের সিংড়া উপজেলার শেরকোল জোড়মল্লিকা মাঠ থেকে রাসেল (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। রাসেল শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা গ্রামের উমেদ আলীর ছেলে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী, পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, রাসেলকে মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় চা স্টলে আড্ডা দিতে দেখা যায়। পরে রাত ৯ টার দিকে তার মা তাকে ফোন দিলে টাকা শেষ হওয়ায় আর কথা বলা হয়নি। বিশ্বকাপ খেলা দেখে ছেলে বাড়ি ফিরবে মনে করে সবাই ঘুমিয়ে পড়েন। এদিকে, সকালে ছেলের ফোন বন্ধ পেয়ে খোঁজাখুজি করতে থাকে পরিবারের লোকজনরা।
পরে সকাল ৯টার দিকে স্থানীয় গ্রামের এক রাখাল গরু নিয়ে মাঠে যাওয়ার সময় জমির ড্রেনে লাশটি পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেন। খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের পরিবার।
ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাসেল গত বছর জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। কিন্তু কৃতকার্য না হওয়ায় এ বছর আবারো কারিগরি স্কুলে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি রাসেল পিকআপ চালাতেন।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
ইত্তেফাক/কেকে
