শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ০১:৩৮


ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দল। এছাড়া ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।  কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানোর সময় গত মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের হাতে লাঞ্ছিত হন ফাহমিদুল হক।

মানববন্ধনে অংশ নিয়ে বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, যৌক্তিক দাবি শিক্ষার্থীদের অনেকদিনের। এ দাবি সরকার মেনে নিয়ে একটা কমিটিও গঠন করেছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কেউ কথা বলতে পারছে না। বাকরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, সহযোগী অধ্যাপক সায়ন্তী হায়দার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুত্ফাসহ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে মিছিল বের করা হয়।

সাদা দলের শিক্ষকদের নিন্দা

একই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দল। গতকাল বুধবার বিকালে দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়— কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ফাহমিদুল হক যেভাবে লাঞ্ছিত হয়েছেন তা কোন সভ্য সমাজে কল্পনাও করা যায় না।

হামলার বিচার দাবি প্রগতিশীল ছাত্র জোটের

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। গতকাল বুধবার  বেলা ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সম্মেলন থেকে প্রগতিশীল ছাত্র জোট ছাত্রদের ওপর হামলার বিচার দাবিতে আগামী ১২ জুলাই মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়। এছাড়া তারা আগামী ৮ জুলাই সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ ও শিক্ষার গণতান্ত্রিক পরিবেশের দাবিতে বেলা ১২টায় কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্মারকলিপি ও সারাদেশের বিশ্ববিদ্যালয়-কলেজের উপাচার্য-অধ্যক্ষ বরারব স্মারকলিপি প্রদান করবে। ১৫ জুলাই তারা কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ।

ইত্তেফাক/নূহু