রাজশাহীর বানেশ্বরে লেগুনার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপু চন্দ্র সাহা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর পোল্লাপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। অপু বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকার বাসিন্দা রাম চন্দ্র সাহার ছেলে।
পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ জানান, অপু চন্দ্র সাহা তার এক বন্ধুকে নিয়ে বানেশ্বর থেকে মোটরসাইকেলে রাজশাহী যাওয়ার পথে বানেশ্বর পোল্লাপুকুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী অপু ও তার বন্ধু গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপু মারা যান।
ইত্তেফাক/ইউবি
