সাভারে অপহরণের পর শিশুকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ২

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৯:১৬
সাভারে মুক্তিপনের টাকা না পেয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ওই শিশুর লাশ গুম করার জন্য শহীদ রফিক সেতু (সিংগাইর ব্রিজ) থেকে নদীতে ফেলে দেয় হত্যাকারীরা। তিন দিন নিখোঁজ থাকার পর বুধবার রাত সাড়ে ১১টায় পুলিশ ব্রিজের নিচ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত শিশুরটির নাম জয়ন্ত পাল। তার বাবা সুনু পাল ও মা পার্বতী পাল হেমায়েতপুরের মুসলীম পাড়ার কাঠাল তলায় আব্দুল আউয়ালের বাড়িতে ভাড়া থেকে হেমায়েতপুর ব্যাবিলন পোশাক কারখানায় চাকুরী করেন।  
 
এ ঘটনায় পুলিশ দুই অপহরণকারীকে গ্রেফতার করছে।আটককৃতরা হলেন- শুভ শেখ ও তার বোনের জামাই নাসির শেখ। তারা একই বাসার ভাড়াটিয়া। 
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আজগর আলী জানান, গত রবিবার দুপুরে শিশুটি বাসার সামনে খেলা করছিলো। এ সময় খাবারের লোভ দেখিয়ে একই বাসার ভাড়াটিয়া শুভ ও তার বোনের জামাই নাসির শিশু জয়ন্তকে তাদের রুমে নিয়ে যায়। এরপর গলায় গামছা পেছিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর একটি ব্যাগের মধ্যে শিশুটির লাশ ভরে রাখে। পরে ওই দিন রাতে তারা ব্যাগের মধ্যে ইট বেঁধে লাশ গুম করার জন্য  সিংগাইর ব্রিজের নিচে পানিতে ফেলে দেয়। 
 
এদিকে, পোশাক কারখানা থেকে বাসায় ফিরে এসে ছেলেকে না পেয়ে সোমবার সকালে সুনু পাল সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর সোমবার দুপুরে মোবাইল ফোনে অপহরণকারীরা শিশুটির বাবা সুনু পালের কাছে ১ লাখ টাকা মুক্তিপন দাবি করে। 
 
বিষয়টি পুলিশকে জানালে উপ-পরিদর্শক আজগর আলী মোবাইল ফোনের সূত্র ধরে বুধবার সন্ধ্যায় হেমায়েতপুর মুসলীম পাড়া থেকে শুভ শেখ ও তার বোনের জামাইনাসির শেখকে গ্রেফতার করে। তারা শিশুটিকে  হত্যার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শহীদ রফিক সেতুর নিচে কুচুরিপানার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। 
 
ইত্তেফাক/কেকে