ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ বাংলাদেশি আটক

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২১:৩৪
ভুরুঙ্গামারী উত্তর ধলডাঙ্গা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ১৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
 
জানা যায়, বুধবার দিবাগত রাতে উপজেলার উত্তর ধলডাঙ্গা সীমান্তের ৯৮৮ মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ শিশুসহ ১৪ জন নারী পুরুষকে আটক করে বিজিবি। 
 
আটককৃতরা হলেন- বিদ্যাবাগিশ গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুস ছোবান, ছোবানের স্ত্রী মর্জিনা, ছেলে নুরনবী, আব্দুল মালেকের ছেলে রফিকুল ইসলাম, রফিকুলের স্ত্রী এছপা বেগম, ছেলে এরশাদুল হক, ইসরাফুল ইসলাম ও আজওয়াটারী গ্রামের আফজাল হোসেনের ছেলে জামাল, জামালের স্ত্রী মমতা বেগম, ছেলে মহাম্মদ আলী, মকছেদুল এবং চন্দ্রখানা গ্রামের আজগর আলীর ছেলে নজরুল ইসলাম, নজরুলের স্ত্রী মাবিয়া খাতুন, মেয়ে নাছিমা খাতুন। 
 
তারা প্রায় ৪ বছর যাবৎ ভারতের রাজস্থানে ইট ভাটায় মজুরের কাজ করতেন। আটককৃতরা ঐ সীমান্ত দিয়ে বাড়ি ফেরার পথে উত্তর ধলডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবু ইউসুফ এর নেতৃত্বে টহলদল তাদের আটক করে। পরে বৃহস্পতিবার বিকেলে তাদের ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন শিশুকিশোর এবং একজন গর্ভবতী নারীকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়ে বাকি ৭ জনের বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে এজাহার দায়ের করেছে। 
 
ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/কেকে