নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের পাটক্ষেত থেকে আহাদ মল্লিক (৩০) নামে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক আইচপাড়া গ্রামের সুলতান মল্লিকের ছেলে। ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে মরদেহটি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে কয়েকজন এসে আহাদ মল্লিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে রাতে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পার্শ্ববর্তী পাটক্ষেতের মধ্যে গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, বুধবার (৪ জুলাই) রাতে একটি ফোন আসে, তখন আহাদ ঘুমিয়ে ছিল। ঘুম থেকে জেগে ইলিয়াছ সরদারের সঙ্গে কথা বলে। এরপর সে ওই সময়ই বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে ফিরে না আসলে তাকে খোঁজাখুঁজি করেও পাইনি। মোবাইল বন্ধ ছিল।
স্থানীয়ভাবে জানা যায়, জমি-জমা ও এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সীমান্তবর্তী খুলনা জেলার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের নিহতের পক্ষের গ্রুপের নেতা ঝিলু শিকদারের সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য ইয়াছিনের দ্বন্দ্ব-ফ্যাসাদ ও মামলা-মকদ্দমা বিদ্যমান। নিহত আহাদ মল্লিক (৩০) প্রতিপক্ষ গ্রুপের গোলাম মওলা হত্যা মামলার একজন আসামি ছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা এসব দ্বন্দ্ব-ফ্যাসাদের জেরে আহাদ মল্লিকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর কবির জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআই
