আপিলের পর ১১ প্রার্থীর মনোনয়ন বহাল, ২ জনের বাতিল

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২৩:১২

সিলেট সিটি নির্বাচনে মনোয়ন প্রসঙ্গে আপিল করার পর মনোনয়নপত্র বহাল হয়েছে ১১ প্রার্থীর। তন্মধ্যে একজন মেয়র প্রার্থী, ৫ জন কাউন্সিলর প্রার্থী ও ৫ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। এদিকে আপিল করলেও এক মেয়র প্রার্থী এবং এক সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিলই রয়েছে। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা বিধু ভূষণ ধর এমন তথ্য জানিয়েছেন।

জানা যায়, সিসিক নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ৩ মেয়র প্রার্থী, ১০ কাউন্সিলর প্রার্থী এবং ৭ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ১৫ জন আপিল করেন। বাকিরা বৃহস্পতিবার পর্যন্ত আপিল করেননি। আপিল করে মেয়র পদে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের। তবে স্বতন্ত্র প্রার্থী কাজী জসিম উদ্দিন আপিল করেও তার প্রার্থীতা ফিরে পাননি।

আপিল করে যেসব কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গৃহিত হয়েছে, তারা হলেন, ৫নং ওয়ার্ডের নিলুফা সুলতানা চৌধুরী লিপি, ৩নং ওয়ার্ডে রাজিব কুমার দে, ১১নং ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ২৫নং ওয়ার্ডে আশিক আহমদ ও ২২নং ওয়ার্ডে মোহাম্মদ দিদার হোসেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডে শ্যামলী সরকার, ৭নং ওয়ার্ডে ক্ষমা রানি দে, শিবাণী দেব রায়,  ৬নং ওয়ার্ডে রেহানা ইয়াসমিন ও ৯নং ওয়ার্ডে বেগম আলিমুন আপিল করে মনোনয়নপত্র বৈধ করেছেন।

আপিল করার পর সংরক্ষিত ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রুমি প্রার্থীতা ফিরে পাননি। এদিকে, আজ বৃহস্পতিবার আপিল করেছেন ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী কাজী নজমুল আহমদ ও সংরক্ষিত ৯নং ওয়ার্ডে প্রার্থী আসমা বেগম।

ইত্তেফাক/নূহু