জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা দুইদল ফুটবল সমর্থকের মধ্যে গণ্ডগোল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্রাজিল দলের সমর্থক গোলাম নবীর বাবা কৃষক চাঁন মিয়া (৫৫) নিহত হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার বিকালের। নিহত চাঁন মিয়া মাহমুদপুরের নলছিয়া গ্রামের ইউছুফ আলীর ছেলে।
এলাকবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাহমুদপরের নলছিয়া গ্রামের ফ্লেক্সিলোডের দোকানদার, আর্জেন্টিনা সমর্থক মো. রাসেলের সঙ্গে একই গ্রামের ব্রাজিল সমর্থক গোলাম নবীর মধ্যে ফুটবলকে কেন্দ্র করে ঝগড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুই পক্ষের অভিভাবকরা ঝগড়া থামাতে এলে প্রতিপক্ষের কিলঘুষির আঘাতে গোলাম নবীর বাবা ঘটনাস্থলেই নিহত হন।
মাহমুদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সংবাদ পেয়ে অকুস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে ফরিদুল ইসলাম বাদী হয়ে আর্জেন্টিনার সমর্থক রাসেলসহ পাঁচজনকে আসামি করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি আজিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
ইত্তেফাক/নূহু
